শহিদুল ইসলাম শহিদ ,সাতক্ষীরা : সাতক্ষীরায় যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা, লিঙ্গভিত্তিক সহিংসতা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন স্টেকহোল্ডারের অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডোর আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ পারভীন, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, সসিডোর প্রকল্প সমন্বয়কারী তৌহিদুর রহমান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, যুব সংগঠক মাহফুজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থাপনকৃত জরিপে জানা যায়, অংশগ্রহণকারী ৬২ জনের মধ্যে ৪৭ জন কোনো না কোনো সময় অনলাইনে হয়রানি বা ডিজিটাল সহিংসতার শিকার হয়েছেন। এছাড়া ৪৮ জন জানিয়েছেন, অনলাইন সহিংসতার ঘটনায় কোথায় অভিযোগ করতে হয়, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। জরিপ অনুযায়ী, ভুয়া ফেসবুক আইডি খুলে হয়রানি, অশালীন বার্তা পাঠানো, ব্যক্তিগত ছবি ও ভিডিও অপব্যবহার, ব্লাকমেইল, হুমকি এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ ডিজিটাল সহিংসতার অন্যতম প্রধানধরন। ভুক্তভোগীদের অধিকাংশই ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে এসব হয়রানির শিকার হয়েছেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি অনলাইনে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সাক্ষরতা, আইনের কার্যকর প্রয়োগ এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তাবিষয়ক শিক্ষা চালু, সাইবার অপরাধের দ্রুত বিচার, ভুক্তভোগীদের আইনি ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।