গত ৭ জুলাই মোঃ মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর রবিবার (২৬ জুলাই) সকালে তিনি খুলনা অঞ্চলের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের কনফারেন্স রুমে বৃক্ষ রোপন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত মতবিনিময় সভায় মাদক নির্মূল এবং মাদকের অপব্যবহার রোধ, চোরাচালান রোধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সুন্দরবনে দস্যুতা প্রতিরোধ সংক্রান্তে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। অপরাধীরা কেএমপি, খুলনায় বিভিন্ন অপরাধ করে কেএমপি খুলনার সংলগ্ন খুলনা জেলার থানা গুলোতে যাতে আশ্রয় না নিতে পারে সেজন্য অপরাধীদের গ্রেফতারের নিমিত্তে এস ড্রাইভ (একই সময়ে সর্বোত্র অভিযান) পরিচালনার কথা উল্লেখ করেন। অপরাধ নিয়ন্ত্রণে তিনি চার ধরণের পুলিশিং ব্যবস্থা (১) ইনটেলিজেন্স নির্ভর পুলিশিং, (২) টেকনোলজি নির্ভর পুলিশিং, (৩) কমিউনিটি পুলিশিং ও (৪) ট্রাডিশনাল পুলিশিং এর সমন্বয়ে অপরাধ নিয়ন্ত্রণের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডিআইজি, খুলনা রেঞ্জ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খুলনা রেঞ্জকে মাদক ও সর্বপ্রকার অপরাধমুক্ত করতে খুলনা রেঞ্জ পুলিশের অবস্থান “জিরো টলারেন্স” নীতি উল্লেখ করেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতার পাশাপাশি সাংবাদিকদের কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করেন ।