মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুরে টানা সপ্তম দিনের মতো ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় এই কর্মসূচিতে তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ সীমান্তনগরী হওয়ায় একে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব মডেল পৌরসভায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন এবং ওয়ার্ডভিত্তিক এই গণসংযোগের উদ্যোগকে সাধুবাদ জানান। আগামী দিনেও পৌরসভার অন্যান্য এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।