
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল এবং বেনাপোল চেকপোস্ট (আইসিপি) টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ১৩৮টি শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, ৪.৫ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট এবং ৪২৭টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, "সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।"
সীমান্তে এ ধরনের চোরাচালানবিরোধী আভিযানিক কার্যক্রম ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।