
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১ টার সময় বন্দর পরিদর্শনকালে তিনি জানান, বন্দরের উন্নয়নে একটি নতুন এক্সেস প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে বন্দরের আধুনিকায়ন করা হবে।
পরিদর্শনকালে চেয়ারম্যান ১ ও ৩১ নম্বর শেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি বন্দরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণ, এবং পুরো বন্দরকে শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদার করার কথা জানান। এছাড়া শৃঙ্খলা বজায় রাখতে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
চেয়ারম্যানের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন যে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দরের কার্যমতা ও শ্রমিকদের সুযোগ-সুবিধা উভয়ই বৃদ্ধি পাবে।