
বেনাপোল প্রতিনিধি:
যশোরের
শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিজিবির খুলনা
ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা বিওপির একটি চৌকস দল সীমান্ত
এলাকায় এ বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে
জানা যায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত আভিযানিক
কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন খবরের
ভিত্তিতে গোগা বিওপির বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পূর্ণ সীমান্ত এলাকায়
অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয়
নিষিদ্ধ সিরাপ উদ্ধার ও আটক করতে সক্ষম হয় বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত
করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ
ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের সীমান্ত
অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরণের
গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা এবং চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।