
বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় দ্বিতীয় দিনের মতো ব্যাপক গণসংযোগ চালিয়েছেন পৌর মেয়র পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মো: ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে তিনি ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের দীর্ঘদিনের নানা নাগরিক দুর্ভোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার প্রধান সমস্যা ড্রেনেজ ব্যবস্থার অনগ্রসরতা, জলাবদ্ধতা এবং রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরেন। সাধারণ মানুষের কথা শুনে ইমদাদুল হক ইমদাদ বলেন, "জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমেই এই দুর্ভোগ লাঘব করা সম্ভব।"
তিনি আশ্বস্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণ তাকে নির্বাচিত করলে সাধারণ মানুষের চাহিদা ও অগ্রাধিকারকে বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার আধুনিকীকরণসহ যাবতীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
৪ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি তাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতি মানুষের সেবা করার একটি মাধ্যম। জনগণের পাশে থাকা, তাঁদের সমস্যার কথা শোনা এবং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সেই সমস্যার সমাধান করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আমি এমন একটি বেনাপোল পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়নের সুফল প্রতিটি সাধারণ মানুষ সরাসরি ভোগ করবেন।” তিনি আরও যোগ করেন, এলাকার সুষম উন্নয়নে জনগণের সরাসরি মতামত ও অংশগ্রহণ অপরিহার্য।
গণসংযোগে তাঁর সঙ্গে বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।