বেনাপোল প্রতিনিধি:
ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এখানে ধর্ম-বর্ণের ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই।” শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন যশোর জেলা ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী পাঠবাড়ি ও কাগজপুকুর সার্বজনীন পূজা মণ্ডপ দুটি পরিদর্শনে যান। সেখানে উপস্থিত হয়ে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও উদযাপনের খোঁজখবর নেন।
উৎসবকে আরও আনন্দমুখর ও সুশৃঙ্খল করতে সংহতি ও সহযোগিতার প্রতীক হিসেবে প্রতিটি মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন ইমদাদুল হক ইমদাদ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি। আবহমানকাল ধরে এই দেশের সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব যেন সার্বিক আনন্দ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আমাদের দল ও দলীয় নেতা-কর্মীরা সবসময় আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও যুবদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উৎসবের মুহূর্তে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের এমন আন্তরিক উদ্যোগ এবং আর্থিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও আগত পুণ্যার্থীরা।