খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানার ৮০ বিঘা এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে আটক করেছে র্যাব-৬।
গত ১৯ আগস্ট ৮০ বিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে মোঃ মঞ্জুরুল ইসলাম ও মোঃ নাজমুল নামে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর র্যাব-৬-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। তদন্তে খুলনার টুটপাড়া এলাকার সাইফি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানায় র্যাব। এরপর খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে গত ২১ আগস্ট গোপালগঞ্জ সদর থানাধীন মাঝিগাতী রাজার এলাকা থেকে সাইফি ও রাকিবকে আটক করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। র্যাব জানায়, দুই গ্রুপের বিরোধ, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও শক্তিমত্তা প্রদর্শনের প্রতিযোগিতার জেরেই এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় একটি শর্টগান, একটি পিস্তল ও তিনটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।
চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের অভিযানে দুজন আটক হওয়ায় তদন্তে নতুন অগ্রগতি এসেছে। এখন বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দিকে নজর তদন্তকারীদের।
মোঃ জিল্লুর রহমান