শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের ৯ নম্বর ওয়ার্ডের মধুমল্লারডাংগী এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ আগামী বাংলাদেশ গড়বোই’ এই স্লোগানকে সামনে রেখে মধুমালারডাংগীতে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার ২৪ জুলাই জুম্মার নামাজের পর মিছিলটি মধুমল্লারডাংগী আবাসিক এলাকা থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় হয়ে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিক-উদ- দৌলা সাগর, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, নওশের হোসেন, আব্দুল জব্বার (ময়না), মিয়ারাজ হোসেন, আনছার আলীসহ অনেকে ।
বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে সামাজিক অপরাধ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সন্ধ্যার পর বিভিন্ন দোকানে চায়ের আড্ডা ও কেরাম বোর্ডের আসরসহ সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয়ভাবে নজরদারি করা হবে। এসব কর্মকাণ্ডের আড়ালে কেউ মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মোঃ শহিদুল ইসলাম শহিদ