বগুড়া সদরে বিশাল ব্যবধানে জয়ের পথে তারেক রহমান
রাজশাহী বিভাগ
বগুড়া জেলা
প্রকাশঃ 2026-02-14 20:19:12 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 3 বার।
বগুড়া সদরে বিশাল ব্যবধানে জয়ের পথে তারেক রহমান
সঞ্জু রায়, বগুড়া:
বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এই আসনের ৪১ টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪১ টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।
এই আসনে সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১,৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১,০৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১,৮৩৪ এবং আবিদুর রহমান ১,০০৪ ভোট পেয়েছেন। এছাড়া সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান ১,০৭০ (আবিদুর রহমান ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১,৭১৮ (আবিদুর রহমান ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,৫৭১ (আবিদুর রহমান ৬৬০), এবং সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১,৫৪১ ভোট (আবিদুর রহমান ৭৬৫) পেয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের এই প্রার্থী।
এছাড়াও বাকি কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪৩ হাজার ৩৮৬ ভোট ও জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল ১২ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন।
বগুড়া-৬ সদর আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবু নুমান মোঃ মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরীর (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েকশর নিচে সীমাবদ্ধ রয়েছে।
এর আগে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে চারটা থেকে গণনা শুরু হয়। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, সাড়ে ৪টা পর্যন্তই এই আসনে ৭১.১৫ শতাংশ ভোট পরেছে।