জনদুর্ভোগ নিরসনে পাশে থাকার অঙ্গীকার ইমদাদের: ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ
-
নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
ছবির ক্যাপশন: জনদুর্ভোগ নিরসনে পাশে থাকার অঙ্গীকার ইমদাদের: ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে গণসংযোগ ও মতবিনিময় করেছেন মেয়র পদপ্রার্থী যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার সময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুর এলাকায় প্রথম দিনের মতো এই গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সর্বস্তরের মানুষের আন্তরিকতা ও উষ্ণ ভালোবাসায় সিক্ত হন তিনি।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের জমাটবদ্ধ নাগরিক সমস্যা, কাঁচা-পাকা রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতার অভাবসহ নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ অত্যন্ত ধৈর্য সহকারে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের জোরালো আশ্বাস দেন।
জনসভার মতো আমেজে আয়োজিত এই মতবিনিময়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতি মূলত জনগণের সেবা করারই মূল মাধ্যম। জনগণের দুয়ারে গিয়ে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হওয়া এবং পাশে দাঁড়ানোই একজন প্রকৃত জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। জনগণের অভাব-অভিযোগ ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেনাপোল পৌরসভার উন্নয়ন নিশ্চিত করা হবে।”
ইমদাদুল হক ইমদাদ আরও যোগ করেন, ৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিক সুবিধার ঘাটতি চিহ্নিত করে বাস্তবসম্মত মাস্টারপ্ল্যানের মাধ্যমে পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা গড়ে তোলাই তাঁর মূল ল্য। প্রথম দিনের গণসংযোগে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ায় তিনি ওয়ার্ডবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন।
এদিকে প্রার্থীর সরাসরি দ্বারে দ্বারে এসে কথা শোনা ও আশ্বস্ত করার বিষয়টি বেশ ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, কথায় নয়—কাজে বিশ্বাসী এমন নেতৃত্বই তাঁরা দেখতে চান, যিনি সত্যি সত্যি এলাকার সুখে-দুঃখে পাশে থাকবেন।
উক্ত গণসংযোগে দলীয় ও স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল ও আজগর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুছা করিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসু, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী।
অন্যান্যদের মধ্যে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও গাজীপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
কমেন্ট বক্স