বেনাপোল প্রতিনিধি:
“রাজনীতিবিদদের প্রধান কাজ হলো জনগণের সেবা করা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব”—বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় গণসংযোগকালে এ প্রত্যয় ব্যক্ত করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা শোনেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তনগরী। এই পৌরসভাকে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়নের আওতায় আনতে হবে। সুযোগ পেলে মৌলিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত সড়কবাতি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, “উন্নয়নের সুফল যেন কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, প্রতিটি নাগরিক যেন সম্মਾਨ ও সমান অধিকারের ভিত্তিতে নাগরিক সুবিধা পান—এটাই আমার লক্ষ্য।” রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং জনসেবা ও মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে উল্লেখ করেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন এবং মেয়র পদপ্রার্থী ধৈর্য সহকারে তা শোনেন। বেনাপোলকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করতে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মো: আনিছুর রহমান