যশোর প্রতিনিধি
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে একটি দ্রুতগামী বাসের চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত বাবা-ছেলে রূপদিয়া এলাকার এক মালিকের ঢাকা মেট্রো ট-১৩-৬৪০২ নাম্বার ট্রাকের চালক ও হেলপার ছিলেন।
আজ শনিবার (১৬ মে) ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এই খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এরই মধ্যে বাবা-ছেলের শেষ বিদায়ের জন্য পাশাপাশি দুটি কবর খোঁড়া হয়েছে।
নিহত দুইজন হলেন, ট্রাকচালক ইউসুফ আলী (৪৫) ও তার ছেলে ইয়াকুব (২৫)। ইউসুফ আলী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া খানপাড়ার মৃত ইউনুস ড্রাইভারের ছেলে ।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ভাঙাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৬৪০২) ভোররাতে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে সেটির পেছনের একটি চাকা বিকল হয়ে যায়।
এরপর সড়কের এক পাশে ট্রাকটি থামিয়ে বাবা-ছেলে মিলে চাকা মেরামতের কাজ শুরু করেন। তখন পেছন থেকে আসা ভাঙাগামী একটি দ্রুতগতির বাস তাদের ওপর গাড়ি চালিয়ে দেয়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাটি শিবচর হাইওয়ে থানা-পুলিশ তদন্ত করছে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় জড়িত বাসটিকে শনাক্ত করে চালক ও সহযোগীদের আটকে জোর চেষ্টা চলছে। একই সাথে এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
বি এম ফারুক
বি এম ফারুক