বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ
মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তক্ষরী বাহিনী বিএসএএফ একদল নারী পুরুষ ও শিশুকে পুশইনের (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া) চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হয়েছে। সোমবার (০১ জুন) গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৯/৩-এস থেকে ১৯/৫-এস এলাকা বরাবর ভারতের অভ্যন্তরে তিনটি গাড়ি এসে অবস্থান নেয়। এরপরই রহস্যজনকভাবে ভারতীয় অংশের সীমান্ত নিরাপত্তা বাতিগুলো বন্ধ করে দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করে।
বিজিবি জানায়, রাতের আঁধারে বিএসএফ বেশ কিছু মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থানে থাকায় তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিএসএফ সদস্যরা ১০ থেকে ১২ জনকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে আটকে রাখে।
মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় কাঁটাতারের বেড়ার পাশে মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে। প্রচন্ড রোদে বিশেষ করে শিশুদের কষ্ট পেতে দেখা গেছে। বিএসএফ তাদের ভারতের মূল ভূখন্ড থেকে বের করে কাঁটাতারের বাইরে রেখে গেট আটকিয়ে দিয়েছে।
ঘটনার পর বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আটককৃত ওই ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দক্ষিন-পশ্চিমাঞ্চলের বিজিবি রিজিয়ন কমান্ডার মাহমুদুল হাসান জানিয়েছেন, বিজিবি বিএসএফকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে অবহিত করেছে। সীমান্তে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ঘটনাস্থলে বিজিবি সদস্যরা বাঙ্কার খুঁড়ে নজরদারি জোরদার করেছে এবং পুরো সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সীমান্তবর্তী এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও, বিজিবির তৎপরতায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সীমান্তের সাদিপুর ও রঘুনাথপুর সড়কের উৎসুক জনতার ঢল নেমেছে।
মো: আনিছুর রহমান