ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

খুলনা মহেশ্বরপাশা সিএসডিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
খুলনা মহেশ্বরপাশা সিএসডিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছবির ক্যাপশন:
ad728
খুলনা প্রতিনিধি: খুলনার মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোশারফ হোসেন ও নিরাপত্তা গার্ড কামরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনায় অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের সঙ্গে যোগসাজশে এসব কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। তবে অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা যায়, নিরাপত্তা গার্ড কামরুল ইসলাম ২০১২ সাল থেকে মহেশ্বরপাশা সিএসডিতে কর্মরত রয়েছেন। নিরাপত্তা গার্ড পদে নিয়োগপ্রাপ্ত হলেও দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্ব পালনের পরিবর্তে তিনি ডিও (ডেলিভারি অর্ডার) শাখায় দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। সিএসডিতে নিরাপত্তাকর্মীর সংকট থাকা সত্ত্বেও একজন নিরাপত্তা গার্ডকে দীর্ঘদিন ধরে অন্য বিভাগে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে কেন এবং কার নির্দেশে তাকে সেখানে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগকারীদের দাবি, ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোশারফ হোসেনের দায়িত্বকালে কামরুল ইসলামের মাধ্যমে বিভিন্ন অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে খাদ্যশস্যবাহী ট্রাকের লোড-আনলোডের ক্ষেত্রে প্রতিটি গাড়ি থেকে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া চালান তৈরির মাধ্যমে গুদাম থেকে অতিরিক্ত পরিমাণ চাল বের করে নেওয়া এবং বাইরে বিক্রির মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট চালান, স্টক রেজিস্টার, গেটপাস এবং গুদামের হিসাবপত্র পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নিরাপত্তা গার্ড কামরুল ইসলামের সম্পদ অর্জন নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সাতক্ষীরায় গ্রামের বাড়ির পাশাপাশি খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকায় ২০২৩ সালে তিনি বিপুল মূল্যের একটি বাড়ি কিনেছেন। সম্প্রতি প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল কেনার কথাও জানা গেছে। মোটরসাইকেলটির নম্বর খুলনা মেট্রো-হ-১৪-৯০৭৪। এ ছাড়া খুলনা ও সাতক্ষীরায় জমি কেনাসহ বিপুল সম্পদের মালিক হওয়ার দাবি করেছেন স্থানীয় কয়েকজন।

স্থানীয়দের প্রশ্ন, একজন সরকারি নিরাপত্তা গার্ডের নিয়মিত বেতনের সঙ্গে কথিত এসব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না। তার সম্পদের উৎস, মালিকানা ও বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা। তবে এসব সম্পদের প্রকৃত মালিকানা, মূল্য এবং অর্থের উৎস সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে মহেশ্বরপাশা সিএসডির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোশারফ হোসেনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, গত বোরো মৌসুমে নিম্নমানের ধান-চাল সংগ্রহ, খাদ্যশস্যের গুণগত মান যাচাইয়ে অনিয়ম, গুদাম থেকে অতিরিক্ত খাদ্যশস্য বের করে বিক্রি এবং বদলি-পদায়নকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, গত আড়াই বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকালে এসব অনিয়মের ঘটনা ঘটেছে।

এ ছাড়া ব্যাপক দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোশারফ হোসেন উচ্চবিলাসী জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। তাদের দাবি, তিনি খুলনায় একটি আলিশান বাসায় ভাড়া থাকেন এবং প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার ব্যবহার করেন। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-স-৩৪-৭৬৪৮। তবে তার সম্পদের পরিমাণ, অর্থের উৎস এবং গাড়ির প্রকৃত মূল্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীরা নিরাপত্তা গার্ড কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে সিএসডির ম্যানেজার স্যারই ভালো বলতে পারবেন।”

অন্যদিকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোশারফ হোসেনের কাছে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। কামরুল ইসলামের সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “কামরুল ইসলাম আমার ডান হাত নয়, সে আমার কলিজার ভাই।”

এ অবস্থায় খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, মহেশ্বরপাশা সিএসডির গুদাম সরেজমিনে পরিদর্শন, খাদ্যশস্যের মজুত ও বিতরণের হিসাব যাচাই, ডিও ও চালানপত্র পরীক্ষা, লোড-আনলোডের রেকর্ড পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা নিরূপণ করা হোক।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা, সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : বিশেষ প্রতিনিধি (খুলনা)

কমেন্ট বক্স
জিয়া শিশু-কিশোর সংগঠন সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় ও পরিচিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় ও পরিচিত