শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সোমবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে গাছের চারা বিতরন করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সাতক্ষীরা কার্যালয়ের উপ-পরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগন ও সুফলভোগী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
অনুষ্ঠান থেকে এসময় স্বল্পসুদে ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দুই জন উপকারভোগীর মধ্যে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ২৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা হিসেবে মোট ৮ লাখ ১০ হাজার টাকার প্রণোদনার চেক এবং সুফলভোগীদের মাঝে ২শ’ ফলজ গাছের চারা বিতর করা হয়।
মোঃ শহিদুল ইসলাম শহিদ