বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামে ট্রাকের চাপায় গুরুতর আহত কিশোর মোশারফের পাশে দাঁড়িয়েছেন আলোকিত নারী সংগঠনের সভাপতি ও মেয়র প্রার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম। তিনি আহত কিশোরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
এ সময় তিনি কিশোরের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আলোকিত নারী সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক জানান, কিছুদিন আগে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় গ্রামের রবিউলের ছেলে মোশারফ। এ সময় ট্রাকের চাপায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার যথাযথ চিকিৎসা ব্যাহত হচ্ছিল।
বিষয়টি জানতে পেরে মোস্তাফিজ্জোহা সেলিম তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহত কিশোরকে দেখতে যান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
মো: আনিছুর রহমান