বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় প্রথম দিনের মতো নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং দীর্ঘদিনের নানা সমস্যা ও নাগরিক দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগে পথসভায় ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। মানুষের সুখ-দুঃখের কথা শোনা, তাঁদের পাশে থাকা এবং এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই একজন সত্যিকারের জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।”
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কাগজপুকুর-কাগমারি এলাকার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেবেন। এলাকার বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাঁদের দৈনন্দিন দুর্ভোগের কথা তুলে ধরে রাস্তাঘাট নির্মাণ ও ড্রেনেজ (পানি নিষ্কাশন) ব্যবস্থার মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান। মেয়র পদপ্রার্থী তাঁদের এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন এবং এলাকাবাসীর নিকট দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
মো: আনিছুর রহমান