পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন জোরদার করার লক্ষ্যে বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেনাপোল পোর্ট থানা চত্বর, বলফিল্ড মাঠ, পৌর কমিউনিটি সেন্টার এবং বেনাপোল কলেজ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণকালে আবু তাহের ভারত বলেন, "পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। গাছ শুধু আমাদের জীবনরক্ষাকারী অক্সিজেনই দেয় না, বরং জ্বালানি, কাঠ ও আসবাবপত্রের চাহিদা মেটানোর পাশাপাশি প্রকৃতিকে শীতল ও সজীব রাখে।"
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর যুগান্তকারী ঘোষণা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অসুস্থ ফকির আহমেদ এবং একই ওয়ার্ডের পৌর যুবদলের সদস্য সচিব অসুস্থ রায়হানুজ্জামান দিপুকে দেখতে তাদের বাসভবনে যান। এ সময় তিনি অসুস্থ দুই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৮ নম্বর ছোট আচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মো: আনিছুর রহমান